মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শান গ্যাং ফা জিয়ান নামে একটি জাহাজ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম। তিনি জানান, ২৯ মার্চ মালয়েশিয়া থেকে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ এরই মধ্যে কুতুবদিয়া এসেছে। এটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। জাহাজটি মালয়েশিয়া থেকে এসেছে। শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।
তিনি আরও বলেন, ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এ জাহাজে। ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে লাইটারিং (ছোট জাহাজে খালাস) করতে হবে। অন্তত ২ ট্রিপ বা দুইটি ছোট অয়েল ট্যাংকারে একবারে লাইটারিংয়ের কাজটি করতে পারবে। আশাকরি রোববার পতেঙ্গার ডলফিন জেটিতে আসবে বড় জাহাজটি।
এর আগে শুক্রবার দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করে। ওই জাহাজেরও স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
বিপিসি জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা দশম জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।