দেশের বাজারে আবারও বাড়ল সোনা ও রুপার দাম। তেজাবি সোনা ও রুপার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে নতুন এই মূল্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই লাখ ৭০ হাজার ৪২৯ টাকা, যা মঙ্গলবার কমিয়ে করা হয়েছিল দুই লাখ ৬৮ হাজার ১৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই লাখ ৫৮ হাজার ১১১ টাকা, ১৮ ক্যারেট দুই লাখ ২১ হাজার ২৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে রুপার দামও বাড়িয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছয় হাজার ৭০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা ছয় হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা পাঁচ হাজার ৪৮২ টাকা ও সনাতন পদ্ধতির রুপা চার হাজার ৮২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪০ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম, ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৪ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, ৬৪ বার বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।