গৃহবধূকে বাঁচাতে গিয়ে দগ্ধ হলেন স্বামী ও দুই সন্তান
ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে সারা শরীরে আগুন লেগে যায় এক গৃহবধূর। তাকে বাঁচাতে এগিয়ে যান তার স্বামী ও দুই সন্তান। এ সময় তারাও দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার কিষাণনগর এলাকায় স্থানীয় বাদশা মিয়ায় দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন গৃহবধূ সুমনা বাদশা (৪৫), তার স্বামী বাদশা মিয়া (৫৬), ছেলে আরাফাত (২২) ও আবু বকর সিদ্দিক (১৬)।