সরকারি জমিতে বাড়ি বানিয়েছে ডেভেলপার!
সরকারি সম্পত্তি দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির মাধ্যমে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘আল মদিনা ডেভেলপার্স’ নামের একটি কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ বলছে, প্রায় আড়াই কাঠা জমি অবৈধভাবে দখল করে ১০ তলা ভবন গড়ে তোলা হয়েছে। শুধু দখলই নয়—এই পুরো প্রক্রিয়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) ভূমি শাখার উচ্চমান সহকারী নূর মোহাম্মদের প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জাগৃকের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সহায়তা ছাড়া এ দখল ও নির্মাণকাজ সম্ভব হতো না। সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্বে থাকা দপ্তরের ভেতরেই কীভাবে গড়ে উঠল এই ‘অভ্যন্তরীণ সখ্যতা’—তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।