রেকর্ড গড়ে এক হালি গোলে জিতল আর্সেনাল
সম্ভাব্য অঘটনের সব আশঙ্কা উড়িয়ে দিয়ে এফএ কাপে দাপুটে জয় তুলে নিয়েছে আর্সেনাল। চতুর্থ রাউন্ডে উইগান অ্যাথলেটিককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চার প্রতিযোগিতাতেই শিরোপার লড়াইয়ে টিকে থাকল লন্ডনের ক্লাবটি। নিজেদের মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেয় আর্সেনাল। ম্যাচের ১১ থেকে ২৭ মিনিট, মাত্র ১৬ মিনিটের ঝড়ে চারবার বল জালে পাঠিয়ে কার্যত প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে তারা। তৃতীয় বিভাগের দল উইগানের রক্ষণভাগকে বারবার কাটিয়ে ওঠা ছিল চোখে পড়ার মতো।