পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন মহসিন নাকভি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বও সামলাচ্ছেন। তার অধীনে কয়েকটি সফল টুর্নামেন্ট আয়োজন হলেও বর্তমান সময়ে তার নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে।
এই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। তার মতে, সিদ্ধান্তে স্পষ্টতার অভাব এবং কোচিং স্টাফকে পর্যাপ্ত স্বাধীনতা না দেওয়াই পাকিস্তান দলের অধিনায়ক ও কোচের মধ্যকার টানাপোড়েনের মূল কারণ।
রবিবার ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, ‘কোনো দেশ যদি এগিয়ে যেতে চায়, তাহলে নেতৃত্বকে হতে হবে দৃঢ় ও স্পষ্ট। কোচ ও টিম ম্যানেজমেন্টকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।’ তার দাবি, পিসিবি প্রধান সেই স্বাধীনতা পুরোপুরি দিচ্ছেন না। বর্তমান কোচ মাইক হেসন দলকে এগিয়ে নিতে চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও এই বিতর্ককে আরও উসকে দেয়। সেখানে দেখা যায়, পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা হতাশায় একটি বোতল ছুড়ে ফেলছেন। তখন তিনি প্রধান কোচ মাইক হেসনের পাশেই বসে ছিলেন।
মনোজ তিওয়ারির মতে, এটি নিছক ক্ষণিকের হতাশা নয়, বরং ড্রেসিংরুমের ভেতরের গভীর সমস্যার প্রতিফলন। তার ভাষ্য, ‘শেষ ম্যাচে হেসন ও অধিনায়ক আগার মধ্যে হতাশা স্পষ্ট ছিল। বাবর আজমকে না নামানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এতে বোঝা যায়, দলের ভেতরে আস্থার ঘাটতি তৈরি হয়েছে।’
তবে কোচ মাইক হেসন এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। তিনি যেকোনো ধরনের দ্বন্দ্বের কথা সরাসরি অস্বীকার করেছেন।
হেসনের বক্তব্য, ভিডিওটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি জানান, ‘তখন তিনি সালমানের সঙ্গে ব্যাটিং পরিকল্পনা নিয়ে কথা বলতে যাচ্ছিলেন—বিশেষ করে মোহাম্মদ নওয়াজকে বাঁহাতি ব্যাটার হিসেবে প্রস্তুত রাখা হবে কি না, সে বিষয়ে। ঠিক সেই সময় আউট হয়ে হতাশ ছিলেন আগা, তাই তিনি বোতলটি মাটিতে ছুড়ে দেন।’
হেসন আরও বলেন, তাদের কথোপকথনের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক ছিল না। অনেক সময় সাধারণ একটি মুহূর্তকেও মানুষ ভিন্নভাবে ব্যাখ্যা করে ফেলে।