বাংলাদেশ জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়ক বিসিবির দেওয়া প্রস্তাব গ্রহণ করেছেন। বোর্ডসভা শেষে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
জাতীয় দলের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা ‘মিস্টার ফিফটি’ খ্যাত এই ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে নারী উইং নিয়েও কাজ করেছেন তিনি।
২০১৬ সালে প্রথমবারের মতো নির্বাচক প্যানেলে যুক্ত হন বাশার। টানা আট বছর তিনি নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদিন নান্নু। এবার নিজেই প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই পদে আর থাকতে আগ্রহী নন। সাবেক এই অধিনায়কের মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে এবং তিনি চুক্তি নবায়ন করবেন না বলে বোর্ডকে জানিয়েছেন।
বর্তমান নির্বাচক প্যানেলে আছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। নতুন করে প্যানেলে আরও একজন সদস্য যুক্ত হতে পারেন। আলোচনায় রয়েছে সাজ্জাদ আহমেদ শিপনের নাম।