সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো আবারও নিজের কিংবদন্তি ক্যারিয়ারে নতুন মাইলফলকে পৌঁছেছেন। সিআরসেভেনের জোড়া গোলের নৈপুণ্যতায় আল হাজেমকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর। এই ম্যাচের সঙ্গে সঙ্গে রোনালদোর মোট গোলসংখ্যা এখন দাঁড়াল ৯৬৫-এ, যা হাজার গোলের স্বপ্নের দিকে এক বড় ধাপ।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিলেন রোনালদো। খেলা শুরু হওয়ার মাত্র ২০ সেকেন্ডের মধ্যে প্রথম সুযোগ তৈরি করেন তিনি। এরপর কিংসলি কোমানের নিখুঁত পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন, যা তার ক্যারিয়ারের ৯৬৪তম গোল।
প্রথমার্ধে আধিপত্য বজায় রাখে আল নাসর। জোয়াওয়ের ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলি কোমান। প্রথমার্ধে আরও একটি গোল আসে রোনালদোর পা থেকে, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি আল নাসর। অ্যাঞ্জেলোর একক প্রচেষ্টায় আসে দলের তৃতীয় গোল। ম্যাচের শেষ দিকে আবারও বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। এর সঙ্গে সঙ্গে স্পর্শ করেন ৯৬৫ গোলের ঐতিহাসিক মাইলফলক।
শীর্ষে থাকা আল হিলালের ড্র-এর কারণে পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে। এই জয়ের ফলে সৌদি প্রো লিগের শীর্ষে উঠে এসেছে আল নাসর। রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্স সৌদি প্রো লিগের শিরোপা লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং আল নাসরের ট্রফি জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী করেছে।