সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে আলোচনার মোড় নতুন গতি পেয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবর এক টক-শোতে জানিয়েছেন, সাকিব খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বিসিবি পরিচালকদের সম্মতিক্রমে তাকে দলে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন আসিফ আকবর। সম্প্রতি আমেরিকায় গিয়েও তার সঙ্গে কথা হয়েছে। আসিফের ভাষায়, ‘সাকিব খেলতে চায় এবং তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে। তার আইনজীবী ইতিমধ্যেই বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। খুব দ্রুত, সম্ভবত রোববার বা সোমবার, কেসের ফাইলগুলো কোটায় পদ পাওয়া ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।’
বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিব ক্রিকেটার হিসেবে নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স চমৎকার। যদি ফিটনেস লেভেল ঠিক থাকে, সে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড।’
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব ও মাশরাফি বিন মুর্তজার মামলা রাষ্ট্রীয়ভাবে দ্রুত সমাধান করে তাদের দলে ফেরানোর চেষ্টা করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন থাকলেও চলতি মাসে সাকিব দেশে ফিরছেন না; তবে পাকিস্তানের বিপক্ষে মার্চের ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।