বিসিবির পরিচালক আসিফ আকবরের কথার সঙ্গে অনেকের কথা মেলে না। সবাই যে পথে চলে, আসিফ চলেন অন্যপথে। তাই হয়ত তার কথার সঙ্গে সবার মিলবেও না। গতানুগতিক পথে চলতেও পছন্দ করেন না আসিফ। ঘুনে ধরা নিয়ম ভেঙে নতুন নিয়মে পৃথিবী চলতে পারে, যদি সেটি হয় মানুষের কল্যাণে। এমনটাই বিশ্বাস করেন আসিফ। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে, সরকার গঠন করবে, মন্ত্রণালয় বণ্টন করবে। নতুন সরকারে কে হবে ক্রীড়া প্রতিমন্ত্রী? এমন প্রশ্ন ক্রীড়াঙ্গনে। জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। নতুন সরকারের কাছে বিসিবি পরচালক আসিফের ভিন্ন চাওয়া।
নির্বাচিত সংসদ ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান, এই বিষয়ে একমত নন আসিফ। তার কথা হচ্ছে নির্বাচিত কেউ যদি ক্রীড়া প্রতিমন্ত্রী হন, তাহলে তিনি তার এলাকার কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকবেন। শুধু এলাকা নয়, পলিটিকস নিয়েই তাকে ব্যস্ত থাকতে হয়। ক্রীড়ায় মনোযোগ কম থাকবে। বরং টেকনোক্র্যাট মন্ত্রী হয়ে যদি কেউ ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন, সেটি আরও ভালো হবে মনে করছেন আসিফ।
আসিফের ভাষায়, ‘আমি বলতে চাই ক্রীড়া প্রতিমন্ত্রী বা ক্রীড়া লেভেলের মানুষরা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না হয়ে যদি টেকনোক্র্যাট থেকে আসে, তাহলে ফুল টাইম নেতা-কর্মীদেরকে না দিয়ে খেলাধুলাকে দেবে এবং এতে আমাদের খেলাধুলার জন্য সুবিধা হবে। আর যদি পলিটিশিয়ান ক্রীড়া প্রতিমন্ত্রী কেউ আসে, সে তার এলাকায় যাবে, রাজনীতি করবে আর ফাঁকে ফাঁকে খেলাধুলার কাজ করবে।’
আসিফ আরও বলেন, ‘কখনো হয়নি বলে এখন হতে পারবে না? দেশের জন্য কোনটি ভালো সেটি করতে হবে। সংবিধান মেনেই তো করা যায়।’ আসিফ শুধু ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে কথা বলেননি তিনি একই সঙ্গে দুটি ফেডারেশনের ব্যাপারেও কথা বলেছেন। তিনি মনে করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া যেতে পারে।