মেস্তায়া স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার ঘরে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আলভারো কারেরাস ও কিলিয়ান এমবাপের গোলে জয় নিশ্চিত করেছে লস ব্লাংকোসরা।
এই জয়ে রিয়াল শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রইল। লিগে টানা সপ্তম জয়ের পর ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করেছে আলভারো আরবেলোয়ার দল।
এই দিন ভিনিসিয়ুস জুনিয়র কার্ড নিষেধাজ্ঞার কারণে মাঠে ছিলেন না, চোটের কারণে অনুপস্থিত ছিলেন জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের অনুপস্থিতি রিয়ালের খেলায় কিছুটা টের পাওয়া যায়।
প্রথমার্ধে রিয়াল আক্রমণে চাপ সৃষ্টি করলেও ভ্যালেন্সিয়ার গোলকিপার দিমিত্রিয়েভস্কি দুটি অসাধারণ সেভ করেন। আর্দা গুলারের শট এবং এমবাপের জোরালো শট দুটোই রুখে দেন তিনি। ভ্যালেন্সিয়াও পাল্টা আক্রমণে ভালো সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে আলভারো কারেরাস একক প্রচেষ্টায় তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান এবং রিয়ালকে লিড উপহার দেন। গোল হজমের পর ভ্যালেন্সিয়ার আক্রমণ বাড়লেও, ৭১ মিনিটে লুকাস বেলত্রানের শট পোস্টে লেগে ফিরে গেলে সমতার সুযোগ হাতছাড়া হয়।
শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে এমবাপ্পে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। ব্রাহিম দিয়াজের চমৎকার অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। এই জয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে টিকে রইল রিয়াল মাদ্রিদ।