বিপিএলের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একের পর এক বিতর্ক, স্পট ফিক্সিংয়ের অভিযোগ, খেলোয়াড়দের বকেয়া এবং ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদার আচরণের কারণে এবার বিপিএল থেকে সরে আসার কথাও ভাবছে বোর্ড।
বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমান বোর্ড আর আগের মতো বিতর্কিত টুর্নামেন্ট আয়োজন করতে চায় না। বেশির ভাগ পরিচালকের মত, বিদ্যমান সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত বিপিএলের পরবর্তী আসর স্থগিত রাখা হতে পারে। আগামী ডিসেম্বরে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও সেটি অনিশ্চয়তায় পড়েছে।
বিসিবির আলোচনায় রয়েছে দুটি পরিকল্পনা। প্রথমটি হলো, এবারের বিপিএল না করে ভালো ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করা এবং সব সমস্যা দূর করে পরের বছর নতুনভাবে টুর্নামেন্ট আয়োজন করা। এ সময় খেলোয়াড়দের ব্যস্ত রাখতে এনসিএল টি-টোয়েন্টি বা অন্য কোনো ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের কথাও ভাবা হচ্ছে।
দ্বিতীয় পরিকল্পনা আরও বড়। সেটি হলো, ভবিষ্যতে ‘বিপিএল’ নামটাই বাদ দিয়ে নতুন নামে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালু করা। বোর্ডের ধারণা, ‘বিপিএল’ ব্র্যান্ডের সঙ্গে ইতোমধ্যে নেতিবাচক ভাবমূর্তি জড়িয়ে গেছে।
বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক সময় ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের বড় অঙ্কের চুক্তি করেও টাকা পরিশোধ করে না। শেষ পর্যন্ত সেই দায়ভার ক্রিকেট বোর্ডকেই নিতে হয়। এছাড়া সম্প্রচার স্বত্ব থেকে পাওয়া অর্থের বড় অংশই প্রোডাকশন খরচে চলে যায়, ফলে টুর্নামেন্ট থেকে প্রত্যাশিত লাভও হয় না।
তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা এখনো আশাবাদী। তার দাবি, ভালো ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেলে এবারও বিপিএল আয়োজনের চেষ্টা করবে বোর্ড। তবে প্রয়োজন হলে এক মৌসুম বিরতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।