বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে প্রথমবার জনসম্মুখে দেখা দিলেন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে শিরোপা হারানোর পর আর্জেন্টাইন অধিনায়ক ফিরেছেন নিজের শহর রোজারিওতে, যেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
শনিবার পরিবারের মালিকানাধীন ক্লাব লিওনেস এফসির একটি ম্যাচ দেখতে মাঠে যান মেসি। রোজারিওর কাছাকাছি আরোয়ো সেকোর আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিওনেস এফসির প্রতিপক্ষ ছিল সেন্ট্রাল কোর্দোবা।
নিজেকে আড়াল রাখতে কালো হুডি পরে ম্যাচ শুরুর পর মাঠে প্রবেশ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তবে বেশিক্ষণ গোপন থাকেননি তিনি। দর্শক ও ক্যামেরায় ধরা পড়ে যায় তার উপস্থিতি। গোলপোস্টের পেছনের একটি ব্যালকনি থেকে ম্যাচ উপভোগ করছিলেন মেসি।
মেসিকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সমর্থকরা। হাসিমুখে হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন তিনি। শিশু ও ভক্তরা তার নাম ধরে স্লোগান দেন, আর পুরো স্টেডিয়াম তাকে স্বাগত জানায় করতালিতে।
তবে মেসির উপস্থিতিও লিওনেস এফসির ভাগ্য বদলাতে পারেনি। ঘরের মাঠে সেন্ট্রাল কোর্দোবার কাছে ২-০ গোলে হেরে যায় তার পরিবারের ক্লাব। এই হারের পর জোন বি-তে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে লিওনেস।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। দলের অন্য খেলোয়াড়রা বুয়েনস আইরেসে ফিরে সমর্থকদের সংবর্ধনা পেলেও মেসি সরাসরি চলে যান রোজারিওতে। বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি।
ক্লাব ফুটবলে তার ফেরার সময় এখনো নিশ্চিত নয়। ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস জানিয়েছেন, মেসির ফেরার কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।
বিশ্বকাপের পর মেসির এই প্রথম জনসম্মুখে আসা ঘিরে রোজারিওর সমর্থকদের মধ্যে তৈরি হয় বিশেষ উচ্ছ্বাস। নিজের শহরে ফিরে যেন নতুন করে ভক্তদের ভালোবাসা পেলেন ফুটবল জাদুকর।