ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালাম বরখাস্ত হবার পর নতুন কোচ খুঁজতে শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম এখন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি রাহুল দ্রাবিড়।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ডের টেস্ট দলের নতুন কোচ হওয়ার দৌড়ে অন্যতম শক্তিশালী প্রার্থী রাহুল দ্রাবিড়। তার সঙ্গে আলোচনায় রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার ও রিচার্ড ডসনের মতো অভিজ্ঞ কোচরাও। দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার দক্ষতার কারণেই দ্রাবিড়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্রাবিড়ের অধীনে ভারত ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল। এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল ভারত। জাতীয় দল ছাড়াও ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরিতে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত।
তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আপাতত পূর্ণকালীন কোচিংয়ে ফিরতে খুব একটা আগ্রহী নন দ্রাবিড়। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো যায়; এমন কোনো দায়িত্ব পেলে তিনি সেটি বিবেচনা করতে পারেন বলেও জানা গেছে। সেই বিষয়টিও মাথায় রেখে সিদ্ধান্ত নিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
দ্রাবিড় ছাড়াও সাবেক ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নাম আলোচনায় রয়েছে। তার কোচিংয়েই একসময় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ইংল্যান্ড। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন রিচার্ড ডসন, মাইক হেসন, কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু ফ্লিনটফ এবং জাস্টিন ল্যাঙ্গারের মতো পরিচিত নাম।
এখন নজর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। যদি শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড় এই দায়িত্ব গ্রহণ করেন, তবে সেটি আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বড় চমক হয়ে উঠতে পারে।