যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিতর্ক থামছেই না। এবার সামনে এসেছে আরও চমকপ্রদ তথ্য, ফিফার ১৮ সদস্যের ডিসিপ্লিনারি কমিটির মাত্র একজনের সিদ্ধান্তেই নাকি বাতিল হয়েছিল বালোগানের নিষেধাজ্ঞা।
‘দ্য সানডে টাইমস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি একক সিদ্ধান্তে বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মতি দেন। এ বিষয়ে কমিটির বাকি ১৭ সদস্যের কোনো মতামত নেওয়া হয়নি।
সাধারণত এ ধরনের ঘটনায় সিদ্ধান্ত নেওয়া হয় একটি নির্দিষ্ট প্যানেলের মাধ্যমে। সেই প্যানেলে চেয়ারম্যান ছাড়া ডিসিপ্লিনারি কমিটির ১৭ সদস্যের যেকোনো একজন থাকেন। আর গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক মামলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয় তিন সদস্যের প্যানেলের মাধ্যমে।
তাই বালোগানের মতো আলোচিত একটি ঘটনায় শুধুমাত্র একজনের সিদ্ধান্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখছেন অনেকে। অবশ্য ফিফায় একক বিচারকের মাধ্যমে কিছু মামলার শুনানি হওয়ার নজির রয়েছে। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা এবং ব্যাপক আলোচিত কোনো উচ্চ-প্রোফাইল ঘটনায় এমন সিদ্ধান্ত নেওয়া তুলনামূলকভাবে বিরল।
ঘটনাটি ঘটে ২ জুলাই সানফ্রান্সিসকোতে। বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে করা এক ট্যাকলের পর প্রথমে হলুদ কার্ডও দেখেননি বালোগান। পরে ভিডিও সহকারী রেফারির পরামর্শে রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্ত বদলে তাকে সরাসরি লাল কার্ড দেখান। এরপর শেষ ষোলোর ম্যাচের আগে ফিফা বালোগানের এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত করে। এই সিদ্ধান্তের পর থেকেই শুরু হয় সমালোচনা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে ধন্যবাদ জানিয়েছিলেন এই সিদ্ধান্তের জন্য। তবে তিনি দাবি করেন, শুধু সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো নির্দেশ দেননি।
তবে নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর মাঠে ফিরে বালোগান খুব একটা প্রভাব ফেলতে পারেননি। সিয়াটলে ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেললেও গোল করতে পারেননি তিনি। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। পরে বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেয় স্পেন।
এদিকে বিশ্বকাপের শেষ পর্যায়ে এখন ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড—ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে উঠেছে। আগামীকাল ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণ। ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল।