বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে এবার তুলনামূলক সহজ পরীক্ষার সামনে আর্জেন্টিনা। শেষ ষোলোর নকআউট লড়াইয়ে আজ মিশরের মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়নরা। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চান কোচ লিওনেল স্কালোনি।
কেপ ভার্দের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশে এবার পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী, দলের রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে তিনটি পরিবর্তন আনতে পারেন লিওনেল স্কালোনি। সম্ভাব্য একাদশে ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্টিনেজের জায়গায় দেখা যেতে পারে নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে।
তবে ম্যাচের আগে একাদশ নিয়ে কোনো নিশ্চয়তা দেননি স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, তার পরিকল্পনা চূড়ান্ত থাকলেও মাঠে নামার আগে সেটি প্রকাশ করতে চান না। আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রকাশিত সম্ভাব্য একাদশ বাস্তবতার কাছাকাছি হলেও শেষ সিদ্ধান্ত ম্যাচের আগেই নেওয়া হবে।’
দীর্ঘ ১৮ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এর আগে ২০০৮ সালে একমাত্র দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম দেখা হচ্ছে দুই দলের।
এই ম্যাচের বাড়তি আকর্ষণ লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ‘র সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক দ্বৈরথ। বিশ্ব ফুটবলের দুই বড় তারকার লড়াই দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।