বিশ্বকাপ ফুটবল মানেই ঘরে ঘরে উৎসব। চার বছরের অপেক্ষার পর আবারও দরজায় কড়া নাড়ছে ফুটবল মহাযজ্ঞ। স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ সবার হয় না, তাই বাংলাদেশের অধিকাংশ ফুটবলপ্রেমীর ভরসা টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্ম।
টিভি সম্প্রচার নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও দেশের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। বাংলালিংকের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা বিশ্বকাপের ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
আজ বুধবার ৩ জুন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলালিংক। পোস্টে জানানো হয়েছে, বাংলালিংকের গ্রাহকরা টফি অ্যাপে বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন। তবে এই সুবিধা পেতে গ্রাহকদের নির্দিষ্ট প্যাক কিনতে হবে।
এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক এখন যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার দেখার দারুণ অভিজ্ঞতা দেবে।’
ডিজিটাল সম্প্রচার স্বত্ব নিশ্চিত হওয়ায় মোবাইল ও অনলাইন দর্শকদের জন্য বিশ্বকাপ দেখার পথ অনেকটাই পরিষ্কার হলো। তবে টেলিভিশনে কোন চ্যানেল বিশ্বকাপ দেখাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। তাই টিভি দর্শকদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হচ্ছে।
ফুটবলপ্রেমীদের কাছে এই ঘোষণা শুধু একটি সম্প্রচার স্বত্বের খবর নয়; এটি বিশ্বকাপ উন্মাদনার আগে বড় স্বস্তির বার্তা। এখন অপেক্ষা মাঠের খেলা শুরু হওয়ার।