প্রথম টেস্টে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয় টেস্টের আগে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান। একাদশে এসেছে একাধিক পরিবর্তন, আর সবচেয়ে বড় খবর, চোট কাটিয়ে ফিরেছেন বাবর আজম। তবে দলে জায়গা হয়নি শাহিন আফ্রিদির।
প্রথম টেস্ট শুরুর আগ মুহূর্তে বাম হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান বাবর আজম। তার অনুপস্থিতিতে সুযোগ পান ইমাম উল হক। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তাই দ্বিতীয় টেস্টে আবারও ভরসা রাখা হয়েছে বাবরের ওপর।
মিরপুর টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি নোমান আলি। তাই তাকে একাদশের বাইরে রেখে পাকিস্তান ফিরিয়েছে সাজিদ খানকে। স্পিন বিভাগে নতুন পরিকল্পনাতেই হাঁটছে দলটি।
অন্যদিকে অবাক করা সিদ্ধান্ত এসেছে পেস আক্রমণেও। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেওয়ার পরও দলে জায়গা হয়নি শাহিন আফ্রিদির। তার বদলে সুযোগ পেয়েছেন খুররম শাহজাদ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।
পাকিস্তান একাদশ - আজান ওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।