মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনজুড়ে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। সকাল ১১টা থেকেই আলো ছিল কম। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে প্রথম সেশনের বড় একটা সময় তিনটি ফ্লাডলাইট জ্বালিয়েই খেলা চালাতে হয়েছে।
লাঞ্চের পর পরিস্থিতির আরও অবনতি হয়। আলো কমে যাওয়ার কিছুক্ষণ পরই শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয় বৃষ্টি। বেলা পৌনে একটা নাগাদ বৃষ্টি নামার আগেই সতর্ক ছিল মাঠকর্মীরা। দ্রুত পিচ ও ৩০ গজ এলাকা চট দিয়ে ঢেকে ফেলা হয়।
বৃষ্টির আগে অবশ্য ব্যাট হাতে কিছুটা স্বস্তিতে ছিল বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত ২ উইকেটে ৯৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। এতে তাদের লিড দাঁড়িয়েছে ১২০ রান।
তবে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ঘণ্টাতেই ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন দুজনই।
এরপর আবারও দলের হাল ধরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজন মিলে গড়েছেন ৭০ রানের জুটি। শান্ত অপরাজিত আছেন ৩৪ রানে, আর মুমিনুল খেলছেন ৩৭ রানে।