টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে স্বস্তির হাসি ফিরল সান্তোস শিবিরে। ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগে উরবানো কালদেরা মাঠে রেড বুল ব্রাগান্টিনোকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের দল। জয়ের রাতে গোলের দেখা পেয়েছেন নেইমারও।
এই জয়ে পয়েন্ট তালিকার ১৬তম স্থান থেকে ১৪তম স্থানে উঠে এসেছে সান্তোস। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দলটি। প্রথমার্ধের অতিরিক্ত সময়েই আসে কাঙ্ক্ষিত গোল। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গ্যাব্রিয়েল বোন্টেম্পোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন নেইমার। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সান্তোস।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে ব্রাগান্টিনো। তবে সান্তোস গোলরক্ষক ডিওগেনেস ছিলেন দুর্দান্ত। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন তিনি। পুরো ম্যাচে তিনটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন প্রতিপক্ষের ফরোয়ার্ডরা।
৭০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল বোন্টেম্পো। তার বদলি হিসেবে মাঠে নামেন রনি। এরপর ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সান্তোস। স্থির বলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন অ্যাডোনিস ফ্রিয়াস।
ম্যাচে বলের দখলেও এগিয়ে ছিল সান্তোস। ৫৩ দশমিক ২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। এছাড়া সাতটি কর্নারের সুযোগও তৈরি করে দলটি। অন্যদিকে ব্রাগান্টিনো ১১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র তিনটি।
এ জয়ের পর আত্মবিশ্বাস নিয়েই আগামী ম্যাচে ব্রাজিল কাপে করিতিবার মুখোমুখি হবে সান্তোস। আর ব্রাগান্টিনো খেলবে মিরাসলের বিপক্ষে।