বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক হয়েও আসন্ন বিশ্বকাপ নিয়ে বাড়তি আত্মবিশ্বাস দেখাতে চান না লিওনেল মেসি। বরং টানা দ্বিতীয় শিরোপা জয়ের প্রশ্নে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে নিজের দলকে সবচেয়ে বড় ফেভারিট মানতে নারাজ মেসি। তার চোখে বর্তমানে আর্জেন্টিনার চেয়েও বেশি পরিণত ও ভারসাম্যপূর্ণ দল রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমাদের বুঝতে হবে, আমাদের আগে আরও কিছু ফেভারিট দল আছে, যারা ভালো অবস্থায় টুর্নামেন্টে এসেছে।’
বিশ্বচ্যাম্পিয়ন হলেও আর্জেন্টিনার স্কোয়াড গভীরতা ও প্রস্তুতি নিয়ে বাস্তববাদী অবস্থান নিয়েছেন তিনি। মেসির মতে, কিছু দল এখন আরও গোছানো অবস্থায় আছে। বিশেষ করে পর্তুগালকে নিয়ে বেশ উঁচু ধারণা মেসির। তিনি বলেন, ‘তাদের প্রতিটি পজিশনে ভারসাম্য ও গভীরতা থাকায় বর্তমান আর্জেন্টিনা দলের চেয়ে আরও পরিণত ইউনিট পর্তুগাল।’
শুধু পর্তুগালই নয়, ২০২২ বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকেও বড় হুমকি হিসেবে দেখছেন মেসি। ফরাসিদের নিয়ে তার মন্তব্য, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল। তাদের দলে অনেক খেলোয়াড় আছে, যারা সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছে।’