মাত্র ১৫ বছর বয়সেই যেন রেকর্ড ভাঙাকে নিয়ম বানিয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে একের পর এক বিস্ময় উপহার দেওয়া এই তরুণ এবার গড়লেন নতুন বিশ্বরেকর্ড। ব্যাট হাতে তার আগ্রাসী উপস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দু পুরো ক্রিকেট দুনিয়ায়।
শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ভয়ংকর রূপে দেখা যায় সূর্যবংশীকে। মোহাম্মদ সিরাজের করা ইনিংসের প্রথম বলেই হাঁকান ছক্কা। আর সেই ছক্কাতেই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি।
মাত্র ৫১৪ বল খেলেই ১০০ ছক্কা পূর্ণ করেন সূর্যবংশী, যা টি-টোয়েন্টি ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড। একই সঙ্গে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবেও এই অর্জন নিজের করে নিলেন তিনি। ম্যাচে ১৬ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। তার ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। উল্লেখযোগ্য বিষয় হলো, সবগুলো ছক্কাই এসেছে পাওয়ার প্লের মধ্যে।
এতেই আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এবারের আসরে পাওয়ার প্লেতে তার ছক্কার সংখ্যা এখন ৩০। এর আগে ২০২৪ মৌসুমে ২৯ ছক্কা মেরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অভিষেক শর্মা।
তবে সূর্যবংশীর রেকর্ডময় দিন শেষ পর্যন্ত হাসি এনে দিতে পারেনি রাজস্থান রয়্যালসকে। আগে ব্যাট করে গুজরাট টাইটান্স বড় সংগ্রহ দাঁড় করায়। ওপেনার সাই সুদর্শন ৫৫ ও শুবমান গিল ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন।
২৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজস্থান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫২ রানেই থেমে যায় তাদের ইনিংস। বল হাতে গুজরাটের জয়ে বড় ভূমিকা রাখেন রশিদ খান। আফগান লেগস্পিনার ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া জেসন হোল্ডার ২.৩ ওভারে মাত্র ১২ রান খরচায় তুলে নেন ৩ উইকেট।