চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক অস্বাভাবিক সময় পার করছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। গতকাল (বুধবার) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচেও তিনি ছিলেন ব্যয়বহুল, ৪ ওভারে ৫৪ রান দিয়ে উইকেট সংখ্যা ০।
ম্যাচের শুরু থেকেই চাপের মধ্যে ছিলেন বুমরাহ। তার স্লোয়ার বল সহজেই সীমানা ছাড়িয়েছেন অভিষেক শর্মা। আবার ট্রাভিস হেড তার বলে ৯৯ মিটারের বিশাল ছক্কা হাঁকান। পাওয়ার প্লের মাত্র দুই ওভারেই তিনি দেন ৩২ রান! যা তার আইপিএল ক্যারিয়ারে পাওয়ার প্লেতে সবচেয়ে খরুচে স্পেল।
এরপরও থামেনি রান খরচের ধারা। হেইনরিখ ক্লাসেনের ব্যাটে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা হজম করেন তিনি। আবার স্লোয়ার বল খেলেন নীতিশ কুমার রেড্ডি, আর ইয়র্কার বলে লং-অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান সলিল অরোরা। সবমিলিয়ে পাঁচটি ছক্কা হজম করে এটি হয়ে ওঠে তার আইপিএলের তৃতীয় সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ।
চলতি আসরে ৮ ম্যাচে বুমরাহর পারফরম্যান্সও তার নামের সঙ্গে মানানসই নয়; মাত্র ২ উইকেট, গড় ১৩২ এবং ইকোনমি ৮.৮০। অথচ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি বরাবরই ছিলেন সবচেয়ে ধারাবাহিক পেসারদের একজন, যেখানে তার গড় ২৩.২১ এবং ইকোনমি ৭.৩৩।
এ প্রসঙ্গে সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, শুধু উইকেট না পাওয়াকে ব্যর্থতা বলা ঠিক নয়। তার মতে, রান আটকে রাখার ভূমিকা অনেক সময় উইকেটের চেয়েও গুরুত্বপূর্ণ। অন্যদিকে সাবেক পেসার ইরফান পাঠান বলছেন, ‘বুমরাহর ফর্ম নিয়ে বড় উদ্বেগের কিছু নেই, তবে তার গড় গতি কিছুটা কমে গেছে; যা উন্নতির জায়গা হতে পারে।’
মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরন পোলার্ডও মনে করছেন, এটি সাময়িক খারাপ সময়। তার ভাষায়, ‘একজন বিশ্বমানের বোলার হিসেবে বুমরাহ খুব শিগগিরই ফিরে আসবেন নিজের সেরা ছন্দে।’