তরুণ পেসার নাহিদ রানা আবারও পাড়ি জমালেন পাকিস্তান সুপার লিগ ফাইনালের মঞ্চে। আজ দুপুরে তিনি ঢাকা হয়ে রওনা দেন পাকিস্তানের উদ্দেশে, যেখানে তার দল পেশোয়ার জালমির হয়ে খেলবেন শিরোপা নির্ধারণী ম্যাচ।
চলতি মাসের ১৪ তারিখ প্রথম দফায় পিএসএল শেষ করে দেশে ফিরেছিলেন নাহিদ। এরপর আসরের বাকি অংশে তাকে ছাড়পত্র (এনওসি) না দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ফাইনালের গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত বিশেষ অনুমতি দেওয়া হয় তাকে।
বোর্ডের বিবৃতিতে জানানো হয়, একটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ নাহিদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় দলের ম্যানেজমেন্ট ও মেডিকেল টিমের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এতে তার ফিটনেস বা ভবিষ্যৎ আন্তর্জাতিক সূচিতে কোনো প্রভাব পড়বে না।
ফাইনাল শেষে আগামী ৩ মে তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রামে রাখা হয়েছে। এদিকে নাহিদকে ফাইনালের জন্য ছাড়পত্র দেওয়ায় তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক।