দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনা, তবে আপাতত অপেক্ষা বাড়ছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগ থেকেই দেশের বাইরে অবস্থান করছেন তিনি। এর মধ্যেই কিছুদিন আগে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি।
আজ শনিবার (১১ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। দল ঘোষণার সময় সাকিব প্রসঙ্গে তিনি জানান, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’
প্রধান নির্বাচক পরিষ্কার করেনে যে, শুধু নাম বা অভিজ্ঞতা নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রয়োজন পূর্ণ প্রস্তুতি। তাই সাকিবকে নিয়ে বোর্ডের ভাবনাও দীর্ঘমেয়াদি। তিনি বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’
সবশেষ ২০২৪ সালেই জাতীয় দলের জার্সিতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে এরপর আর লাল-সবুজে মাঠে নামা হয়নি তার। যদিও মাঠের বাইরে থাকেননি, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন। তবে এবারের পিএসএলেও কোনো দলে জায়গা হয়নি তার, যা নতুন করে প্রশ্ন তুলেছে তার ম্যাচ ফিটনেস ও প্রস্তুতি নিয়ে।
এখন প্রশ্ন একটাই সাকিব কি সত্যিই প্রস্তুত? নাকি অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে?