টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে না পারার হতাশা নিয়ে নতুন করে পথচলা শুরু করছে ইতালি। ধাক্কা, পদত্যাগ আর পরিবর্তনের ঝড়ের মধ্যেই এবার জাতীয় দলের দায়িত্বে এলেন অন্তর্বর্তীকালীন কোচ সিলভিও বালদিনি। আগামী জুনে লুক্সেমবার্গ ও গ্রিসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে তার হাতেই থাকবে দল পরিচালনার ভার।
শুক্রবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে। ২০২৬ বিশ্বকাপে ব্যর্থতার পর ইতালিয়ান ফুটবলে শুরু হয়েছে একের পর এক পরিবর্তনের ধারা, যেখানে প্রভাব পড়েছে শীর্ষ পর্যায়েও।
পরিস্থিতির চাপে ইতিমধ্যে পদত্যাগ করেছেন এফআইজিসির সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। একইসঙ্গে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের প্রতিনিধিদলের প্রধান ও কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এর কিছুদিন পরই দায়িত্ব ছাড়েন প্রধান কোচ জেনেরো গাত্তুসো।
এমন অস্থির সময়েই আপাতত আস্থার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে অনূর্ধ্ব-২১ দলের কোচ বালদিনিকে। কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকলেও জুনের দুটি ম্যাচে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে দলের পুনর্গঠনের প্রথম ধাপ হিসেবে।
আগামী ৩ জুন লুক্সেমবার্গের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে ইতালি। এরপর ৭ জুন গ্রিসের ক্রেতে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচ দুটি কেবল ফলাফলের জন্য নয়, বরং নতুন শুরুর বার্তা দেওয়ার মঞ্চ হিসেবেই দেখছে ইতালিয়ান ফুটবল।
প্রীতি ম্যাচ শেষে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ইউয়েফা নেশনস লিগেই আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবে ইতালি। নতুন কোচ, নতুন পরিকল্পনা আর হারানো গৌরব ফেরানোর লক্ষ্য নিয়ে।