বিরাট কোহলির সঙ্গে তুলনা, এই প্রশ্নটা নতুন নয় বাবর আজমের জন্য। তবে এবার সেই তুলনাতেই স্পষ্ট বিরক্তি ঝেড়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
পিএসএলে পেশোয়ার জালমিকে জেতাতে ৩৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেন বাবর। জয়ের পর সংবাদ সম্মেলনে আবারও বিরাট কোহলির সঙ্গে তুলনা টেনে প্রশ্ন করা হলে মাঝপথেই থামিয়ে দেন সাংবাদিককে।
বাবর বলেন, ‘আপনি এটা (কোহলির সঙ্গে তুলনা) শেষ করতে পারেন। আপনি যে প্রশ্নই করছেন, তা ছেড়ে দিতে পারেন। কিন্তু আমাদের বলবেন যে আপনি এটা নিয়ে কাজ করার চেষ্টা করেন। বিশেষ করে ফিনিশিংয়ের ওপর। দেখুন, মূল বিষয় হলো কন্ডিশন বা পরিস্থিতি - দলের কী প্রয়োজন, রান রেট কত, কীভাবে খেলতে হবে এবং পিচ কেমন আচরণ করছে। আপনাকে সেই অনুযায়ী আপনার খেলার পরিকল্পনা করতে হবে এবং দলের জন্য জুটি গড়তে হবে।’
নিজের ব্যাটিং নিয়েও খোলামেলা কথা বলেছেন বাবর। তার ভাষায়, ‘মাঝে মাঝে মনে হয় বলটা সহজ, কিন্তু আপনি ঠিকমতো খেলতে পারেন না। শট মারা হলেও ফাঁকা জায়গায় বল পৌঁছায় না। আপনি চেষ্টা করেন, কিন্তু রান করতে পারেন না।’
কঠিন সময় কাটানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই মুহূর্তগুলোতে আমি নিজেকে আমার শক্তি, খেলার পরিকল্পনা এবং খেলার সেরা পদ্ধতির কথা মনে করিয়ে দিই। উন্নতি সময়ের সঙ্গে আসে। কখনো কখনো কয়েক মাসও লেগে যায়। আমি অনেক ম্যাচ শেষ করেছি আপনার মনে হতে পারে করিনি, কিন্তু আমি করেছি।’
পাকিস্তান ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার হিসেবেই বিবেচিত হন বাবর। তবুও সমালোচনা যেন পিছু ছাড়ে না, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তার স্ট্রাইক রেট ও ম্যাচ ফিনিশিং নিয়ে প্রশ্ন থেকেই যায়। চলতি মৌসুমে পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত দুই ম্যাচে ৮২ রান করেছেন বাবর, স্ট্রাইক রেট ১২৬.১৫।