বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। অ্যাটলেটিকো মাদ্রিদের টিম বাস স্টেডিয়ামে প্রবেশেরে পথে একদল বার্সেলোনা সমর্থক বাসটিকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে।
এই ঘটনায় কোনো খেলোয়াড় বা স্টাফ আহত না হলেও বাসটির বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে চালকের পাশের জানালার দুটি কাচ ভেঙে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি মৌসুমেই এর আগে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে শাস্তির মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা। উয়েফা এই ঘটনার তদন্ত করছে এবং কাতালান ক্লাবটিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে।
বুধবার রাতে ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরুর আগে এই ঘটনা ঘটে। পরে মাঠের খেলায়ও হতাশ হতে হয় স্বাগতিকদের ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা।
ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অ্যাটলেটিকোর কোচ ডিয়াগো সিমিওনে। তিনি বলেন ‘সমাজ পরিবর্তন হয়নি এবং আমরা এটিকে ঠিকও করতে পারব না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং প্রতিবার বার্সেলোনা সফরে এলে সাধারণত এমনটাই ঘটে থাকে।’
সবমিলিয়ে, এই ঘটনার কারণে বার্সেলোনাকে আর্থিক জরিমানা গুনতে হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।