জ্বালানি সংকটের প্রভাব এবার পড়ল আন্তর্জাতিক ক্রিকেটেও। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকা ওয়ানডে সিরিজের সব ম্যাচই আগে দিবারাত্রির সূচিতে ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ১১টা থেকে। শুধু ওয়ানডেই নয়, পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেও একই পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে, অর্থাৎ সব ম্যাচই অনুষ্ঠিত হবে দিনের আলোতে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবি আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের ঘোষণা দেয়। এর আগে বুধবার অ্যাড-হক কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
সবমিলিয়ে, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব সামাল দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যা সরাসরি প্রভাব ফেলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে।