বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক টানাপোড়েন যেন থামছেই না। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে। তার জায়গায় অ্যাড হক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল। তবে এই পরিবর্তন ঘিরেই উঠেছে বৈধতার প্রশ্ন। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি অভিযোগ তুলেছেন, বিসিবির নিজস্ব সংবিধান লঙ্ঘন করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বিসিবি নির্বাচনটা বিসিবির সংবিধান অনুযায়ীই করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান মানতে গিয়েই আপনাদের দলীয় নেতাদের কাউন্সিলর করা হয়নি।’
বর্তমান অ্যাড হক কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, ‘বরং এডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নেই। শুধু দেশের সংবিধানই সংবিধান, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?’
এর আগে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেন হাসনাত আব্দুল্লাহ। পরে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রিকেট বোর্ডসহ সারা দেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে। তদন্তের পর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’