জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এখন উৎসবের প্রস্তুতি। লাল গালিচা বিছিয়ে বরণ করে নেওয়া হবে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) তাদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।
এর আগেই দেশে ফেরার পর উষ্ণ অভ্যর্থনা পেয়েছে এই তরুণ দলটি। গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখান থেকে পুরো দলকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্ফিথিয়েটারে, যেখানে শত শত সমর্থকের উপস্থিতিতে উদযাপন করা হয় এই ঐতিহাসিক সাফল্য।
উদযাপনের সেই আবহেই উঠে আসে আর্থিক পুরস্কারের প্রসঙ্গ। সমর্থকদের দাবি ছিল—এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ফুটবলারদের বোনাস দেওয়া হোক। জবাবে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আগামী ৬ তারিখ বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে একটি কর্মসূচি আছে এবং সভাপতি জনাব তাবিথ আউয়াল-কে বলেছি যে, আমরা সেই দিনই জাতীয় বীরদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আমি কোন অ্যামাউন্ট বলবো না এখন, সেদিনই ইনশাআল্লাহ আপনারা দেখবেন। তবে ভালো কিছু ফুটবলারদের জন্য অপেক্ষা রয়েছে।’
সোমবার সকাল ১১টায় এনএসসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে সরকারের শীর্ষ কর্মকর্তা, ফুটবল প্রশাসক এবং বিশেষ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।