বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে গঠিত তদন্ত কমিটিকে সাক্ষাৎকারে না আসার কারণে আলোচনার কেন্দ্রে দাঁড়িয়েছেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (৫ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-তে জমা পড়া তদন্ত প্রতিবেদনের মধ্যে এই অনুপস্থিতি বিশেষ নজর কেড়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, তিনি সাক্ষাৎকারে অংশ না নেওয়ার পেছনে কয়েকটি কারণ ছিল:
প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিসিবির উপর মন্ত্রণালয় এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে। দ্বিতীয়ত তদন্ত কমিটির প্রজ্ঞাপনে আগেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তৃতীয়ত উচ্চ আদালতে বিচারাধীন বিষয় নিয়ে তদন্ত করে আদালত অবমাননার আশঙ্কা তৈরি হচ্ছে। এবং সর্বশেষ ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরবর্তী বোর্ডে পদ লাভের লোভে চাপ প্রয়োগ করছেন।

তিনি আরও বলেন, তদন্ত কমিটির সাক্ষাৎকার নোটিশে সাড়া না দেওয়ার কারণ হলো, ‘উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কিনা জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হবো না।’
তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান এই অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিলো, তিনি আসেননি।’
তিনি আরও বলেন, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমরা চিঠি লিখেছিলাম। উনাকে অভিযুক্ত করার জন্য নয়, বরং উনার বক্তব্য শোনার জন্য এবং উনি কিছু বলতে চান কি না তা জানার জন্য। আমরা উনাকে সময় দিয়েছিলাম এবং অপেক্ষা করেছিলাম, কিন্তু উনি আমাদের কাছে আসেননি।’