বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে শুরু হওয়া তদন্ত এখন এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ এক পর্যায়ে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে নির্ধারিত সময়ের আগেই। আজ রোববার (৫ এপ্রিল) এনএসসির কাছে এই প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। বিসিবি নির্বাচনের পুরো প্রক্রিয়া কতটা সুষ্ঠু ছিল, সেটিই খতিয়ে দেখা ছিল এই তদন্তের মূল লক্ষ্য।
তদন্তের অংশ হিসেবে কমিটি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও তাদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন। তবে একটি গুরুত্বপূর্ণ অনুপস্থিতিও ছিল। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।
তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিলো, তিনি আসেননি।’
তিনি আরও যোগ করেন, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমরা চিঠি লিখেছিলাম। উনাকে অভিযুক্ত করার জন্য নয়, বরং উনার বক্তব্য শোনার জন্য এবং উনি কিছু বলতে চান কি না তা জানার জন্য। আমরা উনাকে সময় দিয়েছিলাম এবং অপেক্ষা করেছিলাম, কিন্তু উনি আমাদের কাছে আসেননি।’
এর আগে গত ১১ মার্চ সাবেক এক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে এনএসসি। তাদেরকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হলেও, নির্ধারিত সময়ের আগেই তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।