যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই চূড়ান্ত ৪৮ দলের নাম ঠিক হয়ে গেছে। এরপরই শুরু হয়েছে টিকিটের সর্বশেষ বিক্রয় উইন্ডো, যেখানে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।
গত ডিসেম্বরে ড্রয়ের পর টিকিট বিক্রির সময় ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। কিন্তু বুধবার শুরু হওয়া উইন্ডোতে ১০৪ ম্যাচের মধ্যে ৪০টি ম্যাচের টিকিটের দাম বাড়ানো হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনালের ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম বেড়ে হয়েছে ৭ হাজার ৩৮০ ডলার, আর ‘ক্যাটাগরি ৩’-র দাম বেড়ে হয়েছে ৫ হাজার ৭৮৫ ডলার।
নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের দামও বেড়েছে। দুই সেমি-ফাইনালের টিকেটের দাম বেড়ে ৩ হাজার ৭১০ ডলার হয়েছে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো বনাম সৌদি আরবের টিকিট ২ হাজার ৯৮৫ ডলার এবং কানাডার প্রথম ম্যাচের টিকিটের দামও বেড়েছে।
ফিফা নির্দিষ্ট ঘোষণা ছাড়াই টিকিট ছাড়ায় ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা সাইটে অনুসন্ধান করতে হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে অনেকেই সঠিক লিঙ্কে প্রবেশ করতে পারেননি, যদিও পরে ফিফা জানায় সমস্যার সমাধান করা হয়েছে।
এছাড়া ১০৪টি ম্যাচের সব টিকিট একসাথে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন আরও পর্যায়ক্রমে টিকিট ছাড়া হবে বলে জানিয়েছে ফিফা। এবার প্রথমবারের মতো ফিফা ডায়নামিক প্রাইসিং মডেল ব্যবহার করছে, যার মাধ্যমে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়বে বা কমবে। এই নতুন পদ্ধতির কারণে শুরু থেকেই সমালোচনার মুখে রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।