লা লিগার গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা, কারণ রাফিনিয়া ব্রাজিল দলের হয়ে চোট পেয়েছেন। শীর্ষে থাকা বার্সার জন্য এটি বড় চ্যালেঞ্জ, কারণ দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র ৪ পয়েন্ট এগিয়ে আছে তারা, আর এখন শুধু ৯টি ম্যাচ বাকি।
ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা আন্তর্জাতিক সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফিফার বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে বলেছেন, ‘আমাদের এমনভাবে দাবি জানানো উচিত, যাতে ফিফা একটি আন্তর্জাতিক ক্যালেন্ডার তৈরি করে। যেখানে বড় ক্লাবগুলোর প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।’
লাপোর্তা আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ব্রাজিলের একটি প্রীতি ম্যাচে আপনার সেরা খেলোয়াড়দের একজন চোট পেলে সেটা ভীষণ হতাশাজনক। তবে এর দায় খেলোয়াড়ের ওপর চাপানো যায় না, কারণ তারা পেশাদার, দেশের জন্য খেলে এবং সর্বোচ্চটা দেয়। এটা স্বাভাবিক।’ তিনি সমস্যার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যস্ত সূচি, বিশেষ করে মৌসুমের শেষ সময়ে।
ফিফা রাফিনিয়ার চোটের জন্য ক্ষতিপূরণ দেবে, তবে ডান হ্যামস্ট্রিংয়ে টিয়ার হওয়ায় তিনি অন্তত এক মাস মাঠের বাইরে থাকবেন। ফলে তিনি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না এবং লা লিগার শেষ ম্যাচগুলিও মিস করবেন।
তবে মৌসুমের শেষ দিকে রাফিনিয়ার ফেরার আশা আছে। বিশ্বকাপের দিকে তাকিয়ে তিনি ফিট হওয়ার চেষ্টা করছেন, এবং কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে।