টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে আছেন মোস্তাফিজুর রহমান। দেশের মঞ্চ ছাড়িয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং অন্যান্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে তার বোলিং নজর কাড়ছে। ব্যাটারদের ফাঁসাচ্ছেন নিজের কৌশলময়ী বোলিংয়ে, আর লাহোর কালান্দার্সও মুগ্ধ তার পারফরম্যান্সে।
আট বছর পর পুরনো দল লাহোর কালান্দার্সের জার্সিতে ফিরে এসেছেন মোস্তাফিজ। রানবন্যার পিএসএলে তিনি ৫-এর কম ইকোনমিতে বোলিং করছেন। পরিস্থিতি অনুযায়ী ব্যাটারদের বিভ্রান্ত করছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। লাহোরের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের চারটি ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মোস্তাফিজুর রহমান। আপনি আসলে এমনই।’ চারটি উপাধি দিয়েছেন তারা— কৌশলের ওস্তাদ, বরফের মতো ঠাণ্ডা, ডেথ ওভারের বিশেষজ্ঞ, কাটারের জাদুকর।
লাহোরের দুটি ম্যাচেই মোস্তাফিজ একাদশে ছিলেন। টুর্নামেন্টে ৮ ওভারে ৩৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। দুটো উইকেটই এসেছে প্রথম ১০ ওভারের মধ্যে। ৪৮ বলের মধ্যে ১৮ বল ডট দিয়েছেন। ডেথ ওভারে ব্যাটারদের কাছে তিনি ‘মৃত্যুদূত’। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট না পেলেও রান নিয়ন্ত্রণে রেখেছেন তিনি।
২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে লাহোর। ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মোস্তাফিজ ৪ ওভারে ১৯ রান খরচায় ১ উইকেট নিয়েছেন। যদিও বল টেম্পারিংয়ের কারণে লাহোর ম্যাচ হেরে গেছে।
লাহোর কালান্দার্সে খেলছেন মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ পারভেজ হোসাইন ইমন। সচরাচর টপ অর্ডারে ব্যাটিং ইমন দুই ম্যাচে চার নম্বরে নেমে করেছেন ২৬ রান। লাহোর পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান করছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে লাহোর মাঠে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।