এশিয়ান গেমস হকির বাছাইপর্বে দারুণ এক লড়াই দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশই।
ম্যাচের শুরুটা ছিল সমানে সমান লড়াইয়ের। প্রথম কোয়ার্টারের চার মিনিটেই এগিয়ে যায় চাইনিজ তাইপে, লি চি-শুয়ানের গোলে। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বাংলাদেশকে। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে সমতায় ফেরে দল। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম, নিজেরও দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি। এরপর তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকেই দলের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম।
শেষ কোয়ার্টারে ম্যাচের নাটকীয়তা বাড়ে আরও। ৫৯ মিনিটে দ্বীন ইসলামের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তখন ম্যাচ প্রায় হাতের মুঠোয়। তবে শেষ মুহূর্তে হাল ছাড়েনি চাইনিজ তাইপে, জোড়া গোল করে ব্যবধান কমিয়ে আনে তারা। তবুও শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে বাছাইপর্বে আত্মবিশ্বাসী শুরু পেল দল। প্রিলিমিনারি রাউন্ডে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।