জাতীয় দলের নির্বাচক প্যানেলে আসছে নতুন অধ্যায়; পুরনো অধ্যায়ের সমাপ্তির আগেই ভবিষ্যতের ছক কষে ফেলেছে বিসিবি।
জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান সিরিজ জয়ের পরই তিনি ক্রিকেটারদের থেকেও বিদায় নিয়েছেন। তবে লিপুর মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক বেছে নিয়েছে বিসিবি, যার জন্য এর আগে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল।
গত ৮ মার্চ শেষ হয়েছিল জাতীয় দলের নির্বাচক পদে আবেদনের সময়সীমা। এই পদের জন্য সবমিলিয়ে ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। পরে তাদের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের পর প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এর আগে সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন, ফলে এই পদে তার অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, সহকারী নির্বাচক পদে এগিয়ে ছিলেন দুই জন; তুষার ইমরান এবং নাঈম ইসলাম। বিসিবির পছন্দের তালিকায় দুজনই থাকলেও শেষ পর্যন্ত নাঈমকেই চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সেই হিসেবে নতুন সহকারী নির্বাচক হিসেবে পথচলা শুরু হচ্ছে তার। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বোর্ড।
জাতীয় দলের এই নির্বাচক প্যানেল বাছাইয়ের কাজে যুক্ত ছিলেন বিসিবির চার পরিচালক- ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। প্রধান নির্বাচক হিসেবে বাশারের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা এবং সহকারী নির্বাচক নাঈমের বেতন হতে পারে ৩ লাখ টাকা। একই বেতন নির্ধারিত হতে পারে আগে থেকেই সহকারী নির্বাচক হিসেবে দায়িত্বরত হাসিবুল ইসলাম শান্তরও।