মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা, আর সেই চাপ সামলে উঠতে না পেরে বড় সংগ্রহ গড়ার আগেই গুটিয়ে যায় পাকিস্তান।
আজ বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির সামনে শুরু থেকেই বিপাকে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৪ রানেই থামে তাদের ইনিংস।
এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ডানহাতি গতিদানব নাহিদ রানা। টানা পাঁচ ওভারের স্পেলে তুলে নেন পাঁচটি উইকেট। শেষ পর্যন্ত ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই এখন বাংলাদেশের সেরা বোলিং ফিগার। একই সঙ্গে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটও পেলেন এই পেসার।
নাহিদের গতির সামনে দাঁড়াতে না পেরে দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ দিকে ফাহিম আশরাফ ৩৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলকে বড় বিপর্যয় থেকে বাঁচাতে পারেননি। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বল হাতে ৩ উইকেট তুলে নেন।
মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। তবে এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দলকে এগিয়ে নেন। দুই ব্যাটারের জুটিতে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৩২ বলেই ফিফটি পূর্ণ করেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত ৪২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। শান্ত করেন ২৭ রান। জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে তার আউটের মাধ্যমে ভাঙে ৮২ রানের জুটি।
এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে বাকি কাজ সেরে ফেলেন তামিম। ৮ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।