বাংলাদেশ সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বড় ধাক্কা খেল পাকিস্তান। ওপেনার ফখর জামান হ্যামস্ট্রিং চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান ফখর জামান। পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়ে। পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এজন্য লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন শুরু করবেন এই বাঁহাতি ওপেনার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান ঢাকায় পৌঁছাবে ৯ মার্চ। পরের দিন থেকে অনুশীলনের পর ১১ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে।
গত বছরের জুলাইয়ের পর এটি পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। আগের সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মে-জুনে বাংলাদেশের সফরে পাকিস্তান ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয়, নেতৃত্বে ছিলেন সালমান আলী আগা।
দলীয় সূত্রে আরও জানা গেছে, ওয়ানডে সিরিজকে সামনে রেখে স্কোয়াডে পরিবর্তনের পরিকল্পনা করছেন নির্বাচকেরা। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে দলকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ব্যর্থ কয়েকজন ক্রিকেটারের জায়গা নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট।