২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেন। দীর্ঘ সময় অফফর্মের কারণে দলের বাইরে থাকার পর এবার বিসিএল এবং অদম্য কাপে ভালো ফর্ম দেখিয়ে আবারো দলে ফিরছেন তিনি।
আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে দেশের জার্সি আবারও গায়ে জড়াতে যাচ্ছেন আফিফ। যদিও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা হয়নি, তবে বিসিবির বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে, চোটের কারণে পাকিস্তান সিরিজে থাকছেন না তানজিম সাকিব। ফিট থাকায় তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম দলে অন্তর্ভুক্ত থাকায় মিরপুরে অতিরিক্ত কোনো পেসার নেওয়ার পরিকল্পনা নেই, ফলে সুযোগ পাচ্ছেন না হাসান মাহমুদ।
এছাড়া নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিকের মধ্যে একজন বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সুযোগে ডাক পেতে পারেন আকবর আলী। নিয়মিত উইকেটরক্ষক হিসেবে থাকছেন লিটন দাস।
১১, ১৩ ও ১৫ মার্চ সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।