আমরা কি মহাবিশ্বে একা? পৃথিবীর বাইরে কি কোথাও আছে বুদ্ধিমান প্রাণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা কাজ করছেন কয়েক দশক ধরে। এখনও পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ না মিললেও, সম্ভাবনার হিসাব কষতে বিজ্ঞানীরা ব্যবহার করেন একটি বিখ্যাত সূত্র— ড্রেক সমীকরণ।
১৯৬১ সালে জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক এই সমীকরণ প্রস্তাব করেন। এর উদ্দেশ্য ছিল আকাশগঙ্গা ছায়াপথে এমন কতটি উন্নত সভ্যতা থাকতে পারে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করার মতো প্রযুক্তি ব্যবহার করছে—তার একটি সম্ভাব্য ধারণা দেওয়া।
এই সমীকরণে রয়েছে সাতটি গুরুত্বপূর্ণ ভেরিয়েবল। প্রথমে ধরা হয়, প্রতি বছর আমাদের ছায়াপথে কত নতুন নক্ষত্র জন্ম নেয়। এরপর দেখা হয়, সেই নক্ষত্রগুলোর কতটিতে গ্রহমণ্ডল তৈরি হয় এবং তার মধ্যে কতগুলো গ্রহ প্রাণের জন্য উপযোগী পরিবেশ ধারণ করে। বিজ্ঞানীদের ধারণা, প্রায় ২০ শতাংশ সৌরজগতে অন্তত একটি বাসযোগ্য গ্রহ থাকতে পারে।
এরপর শুরু হয় সবচেয়ে কঠিন অংশ। সেই বাসযোগ্য গ্রহগুলোর কতটিতে প্রাণের উদ্ভব হয়েছে, কতটিতে সেই প্রাণ বুদ্ধিমান সভ্যতায় পরিণত হয়েছে এবং তাদের মধ্যে কতজন এমন প্রযুক্তি ব্যবহার করছে, যার সংকেত আমরা শনাক্ত করতে পারি—এসবের নির্ভরযোগ্য তথ্য এখনও নেই। ফলে এই অংশগুলো পুরোপুরি অনুমানের ওপর নির্ভরশীল।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। কোনো সভ্যতা কতদিন ধরে যোগাযোগের উপযোগী সংকেত পাঠাতে পারে, সেটিও সমীকরণে বিবেচনা করা হয়। কারণ আলোর গতিতেও মহাকাশে সংকেত পৌঁছাতে হাজার হাজার বছর লেগে যেতে পারে।
তাই ড্রেক সমীকরণ কোনো নিশ্চিত উত্তর দেয় না। বরং এটি বিজ্ঞানীদের জন্য একটি চিন্তার কাঠামো, যা মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণাকে নতুন দিক দেখায়। শেষ পর্যন্ত প্রশ্নটি এখনো রয়ে গেছে—আমরা কি সত্যিই মহাবিশ্বে একা, নাকি কোথাও কোনো অজানা সভ্যতা আমাদের সংকেতের অপেক্ষায় আছে?