১৪৪ ধারা জারির পরও হবিগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
বুধবার (২৯ জুলাই) এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে সিলেট এসে পৌঁছেছেন। আশা করি বিকেল ৩ টার মধ্যে হবিগঞ্জে এসে পৌঁছাবেন।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির মুখ্যসমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতাকর্মীদের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায় প্রশাসনের সামানে।’
তিনি বলেন, ‘এরই প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসুচি ঘোষণা করে এনসিপি। হবিগঞ্জে আমাদের কর্মসূচি বাতিল করতে বিএনপি ছাত্রদল একই স্থানে কর্মসূচি আহবান করেছে। যেহেতু আমাদের ওপর হামলা হয়েছে তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন গনতান্ত্রিক প্রতিবাদ করতে হবিগঞ্জের কর্মসূচি পালন করবেন।’
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে সেহেতু সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করে পরের সিদ্ধান্ত গ্রহণ করব।’
এর আগে, এনসিপি, সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল বুধবার একইস্থানে একই সময়ে কর্মসূচি ঘোষণা করায় অনিদিষ্টকালের জন্য ১৪৪ জারি করে জেলা প্রশাসন। হবিগঞ্জ পৌর এলাকায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।