নির্বাচন কমিশনে (ইসি) দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৮২ টাকা ও ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। সে হিসাবে দলীয় তহবিলে উদ্বৃত্ত রয়েছে ছয় কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার পর নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে হিসাবটি জমা দেয় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও সহদপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন হস্তান্তর করেন।
হিসাব জমা দেওয়ার পর আয়ের উৎস হিসেবে রিজভী জানান, সাধারণত দলীয় সদস্যপদ নবায়ন, বিভিন্ন স্তরের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানতের সুদ। অন্যদিকে ব্যয়ের খাত হলো, কার্যালয় পরিচালনা, পোস্টার/লিফলেট, রাজনৈতিক কর্মসূচি ও কেন্দ্রীয় খরচ।
রুহুল কবির রিজভী বলেন, ‘খুব শিগগির বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও দলের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক স্বচ্ছতা নিশ্চিত করতে ৩১ জুলাইয়ের আগেই এ হিসাব জমা দেওয়া হয়েছে।’
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হয়। কোনো দল টানা তিন বছর এ হিসাব জমা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।