গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হইয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী প্রতি জামায়াতে ইসলামী অনুদান দিয়েছে দুই লাখ টাকা। আর নির্বাচনে জামায়াতের মোট ব্যয় চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এই হিসাবে সাতটি খাতে অনুদানের কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রার্থীদেরকে দেওয়া অনুদান, ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর ও আইসিসিতে বিজ্ঞাপন প্রদানের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।
হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হওয়া সাড়ে চার কোটি টাকার মধ্যে ২২৫ প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে চার কোটি টাকা। গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় এক লাখ ৭৭ হাজার টাকা পেয়েছেন।
বিবরণী অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে আট হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে নয় লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। এ ছাড়া বিবিধ খরচ হিসেবে আরও দুই লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪ (গগগ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে কমিশনের কাছে, নিরীক্ষার জন্য, যেসব নির্বাচনি এলাকায় প্রার্থী মনোনীত করেছেন সেসব এলাকার নির্বাচন সমাপ্ত হওয়া পর্যন্ত সময়ের মধ্যে তার প্রার্থীগণের নির্বাচন সংশ্লিষ্ট সব ব্যয় বা অনুমোদিত সব ব্যয়ের বিস্তারিত বর্ণনা দিয়ে একটি ব্যয় বিবরণী জমা দেবেন। সে হিসেবে দলগুলোর নির্বাচনী ব্যয় তালিকা জমা দেওয়ার শেষ তারিখ হবে ১৪ মে।
তবে ৪৪ (গগগ) এর দফা-৫ বলছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল ব্যয় বিবরণী দাখিলে ব্যর্থ হয় তবে কমিশন তাকে সতর্কীকরণ নোটিশ দিয়ে ৩০ দিনের সময় দিতে পারেন। এই সমইয়ের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধিত রাজনৈতিক দল তা দাখিলে ব্যর্থ হলে, কমিশন দশ হাজার টাকা জরিমানা সাপেক্ষে, এই সময়সীমা আরও ১৫ দিন পর্যন্ত বাড়াতে পারবে। যদি ওই নিবন্ধিত রাজনৈতিক দল বর্ধিত সময়সীমার মধ্যে বিবরণী দাখিলে ব্যর্থ হন, তবে কমিশন দলের নিবন্ধন বাতিল করতে পারবেন।