দীর্ঘ প্রায় তিন মাস পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হতে যাচ্ছে স্থায়ী কমিটির প্রথম বৈঠক।
আজকের বৈঠক থেকে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা আসতে পারে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পাবে। বিশেষ করে চারটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র মতে, আলোচ্য চারটি বিষয় হচ্ছে-
১. দল পুনর্গঠন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সারা দেশের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দ্রুত পুনর্গঠন করে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য একটি নতুন রোডম্যাপ নির্ধারণ করা হতে পারে।
২. জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন বিষয়ে দলের অবস্থান ও করণীয় নির্ধারণ। এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা আসতে পারে এ বৈঠক থেকে।
৩. কেন্দ্রীয় নেতাদের দলীয় কার্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সক্রিয়তা বাড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হতে পারে।
৪. সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য জ্বালানি সংকট নিয়েও আলোচনা হতে পারে।
দলীয় নেতারা মনে করছেন, এ বৈঠক বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনের পর দলের অবস্থান, সাংগঠনিক স্থবিরতা কাটানো এবং শৃঙ্খলা ফেরানো এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠনের ব্যস্ততার কারণে বৈঠক কিছুটা বিলম্বিত হয়েছে। তবে দীর্ঘ বিরতির পর এ বৈঠক অবশ্যই তাৎপর্যপূর্ণ। তিনি জানান, দলের সাংগঠনিক কর্মকাণ্ড, কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে আগামী ৬ এপ্রিল নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় তথ্য কমিশনে জমা দিয়েছে। ফলে আজকের বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টিও বিশেষ গুরুত্ব পেতে পারে।