পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের শান্তিকামী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। শুক্রবার (২০ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
শুভেচ্ছা বাণীতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের ভুলে গেলে চলবে না, কারণ ত্যাগের মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়।
তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত সিয়াম সাধনার মাস শেষে পবিত্র ঈদুল ফিতর সমাগত হলেও দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের আর্তনাদ এবারের ঈদের আনন্দকে ম্লান করে দিচ্ছে।
শুভেচ্ছা বার্তায় জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মহান স্বাধীনতা সংগ্রামের রক্তঝরা ১৯৭১ এবং সাম্প্রতিক রক্তাক্ত জুলাইয়ের ঘটনাগুলো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ন্যায়ের পথে চলতে গিয়ে যারা জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ জাতি কখনো ভুলবে না।
বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিন, ইরানসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও অস্থিরতা ঈদের আনন্দে বিষাদের ছায়া ফেলছে। তবুও ঈদ মানেই সব বাধা অতিক্রম করে সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা।
নূরুন্নিসা সিদ্দীকা আরও বলেন, যতদিন না ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে এবং নারী ও শিশুসহ প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হচ্ছে, ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে। এবারের ঈদ হোক ত্যাগ ও ন্যায়ের শপথ নেওয়ার দিন। তিনি দেশবাসীসহ বিশ্বের সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।