জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে নিজের কথোপকথনের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময়কার একটি সংলাপ তুলে ধরেন। তিনি জানান, বিদায়ের মুহূর্তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস তাকে বলেন, ‘দুষ্টুমি করবা না।’ জবাবে তিনি বলেন, ‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে তিনি মুসাফাহ করার চেষ্টা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কাছে নিজের জন্য দোয়া চাইলে তিনি বলেন, ‘তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাপের কথাও উল্লেখ করেন তিনি। মজার ছলে প্রধানমন্ত্রীকে বলেন, ‘বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল।’ জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘কর্মসূচিটি শুরু হয়েছে এবং খুব শিগগিরই তা সারা দেশে চালু হবে।’
এ ছাড়া মঈন খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি বাসায় যাওয়ার আমন্ত্রণ পান বলে উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনে কাছে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করলে তিনি বলেন, ‘সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।’
সবশেষে মির্জা আব্বাসের সঙ্গে সংলাপের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তাকে নিজের বাসায় ইফতারের দাওয়াতও দিয়েছেন।