বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপকালে তিনি খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান।
রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
বার্তায় বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আলাপকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের কল্যাণে একটি ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও একমত পোষণ করেন।
এদিন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।