দেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ৫ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে আবেদন করার সময় যাদের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তারা এনআইডির জন্য আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এক আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে।
অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দিয়েছে ইসি।